১০ মাস থেকে নিখোঁজ ভাইকে খুঁজছে বোন
গেল বছরের ১২ মার্চে বাড়ি থেকে বের হন এজাহার আলী। দীর্ঘ ১০ মাস পেরিয়ে গেলেও তিনি আর ফেরেননি। তার বোন রাশিদা বেগম এখনও ভাইকে খুঁজে বেড়াচ্ছেন।
পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের জাগীর গ্রামের বাসিন্দা এজাহার আলী (৫৩)। তিনি ওই গ্রামের আমজাদ আলীর ছেলে। গেল বছরের নভেম্বর মাসে ২৭ তারিখে কাটাখালী থানায় সাধারণ ডায়েরি করেন তার বোন রাশিদা বেগম। কিন্তু পুলিশও খুঁজে পেতে ব্যর্থ হয়েছে।
রাশিদা বেগম সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, ১২ মার্চ (বুধবার) সকাল ১১টায় বাড়ি থেকে বের হন। এরপর থেকে বাড়ি ফেরেননি তিনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজিও করা হয়েছে তাও পাওয়া যায়নি। কিন্তু এখনও খোঁজাখুঁজি চলছে এহাজার আলীর।
রাশিদা বেগম বলেন, দীর্ঘ সময়ে ফিরে না আসার কারণে আমরা চিন্তিত। তাকে সব স্থানে খোঁজাখুঁজি করা হয়েছে। এখনও অপেক্ষায় আছি সে ফিরে আসবে।
সাধারণ ডায়েরিতে শারীরিক গড়নের কথা উল্লেখ আছে। সেখানে বলা হয়, এজাহার আলীর মাথার চুল কালো ও ছোট। গায়ের রঙ শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি ও ওজন ৫৫ কেজি।
কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কাদেরী বলেন, এজাহার আলীর খোঁজ এখনও পাওয়া যায়নি। তাকে খোঁজাখুঁজি চলছে। সে কোন মোবাইলফোনও নিয়ে যায়নি। তাই খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে।