সোমবার, জুন ২২, ২০২৬

সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ গ্রেফতার শ্রমিক ফেডারেশন নেতা

নিজস্ব প্রতিবেদক ১০ জানুয়ারি ২০২৬ ০৭:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১০ জানুয়ারি ২০২৬ ০৭:১৮ অপরাহ্ন
সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ গ্রেফতার শ্রমিক ফেডারেশন নেতা


রাজশাহীতে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ গ্রেফতার হয়েছে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের মহানগরের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি চাঁন সওদাগর। এসময় তার সঙ্গে আরও দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে সেনাবাহিনীর সদস্যরা এ তিনজনকে আটকের পর নগরের রাজপাড়া থানায় হস্তান্তর করেন  


গ্রেফতার চাঁন সওদাগর নগরীর নতুন বিলশিমলা এলাকার বাসিন্দা। তার সঙ্গে গ্রেফতার দুজন হলেন- একই এলাকার বাসিন্দা মুরাদ আলী (২৮) ও বিদ্যুৎ (৩৭)। চাঁন সওদাগরের নামে আগে থেকে ১৮টি মামলা আছে। এরমধ্যে পাঁচটি মারামারি, দুটি অস্ত্র, দুটি বিস্ফোরক ও সরকারি সম্পদ বিনষ্টের দুটি মামলার আসামি তিনি। এছাড়া একটি করে মাদক, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি গ্রহণ, চুরি, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি চান সওদাগর।


গেল বছরের জুলাই মাসে রাজশাহীতে ১২৩ জন ‘চাঁদাবাজের’ একটি তালিকা ছড়িয়ে পড়ে। পরে জানা যায় তালিকাটি তৈরি করেছিল পুলিশ। এই তালিকায় চান সওদাগরসহ ছয়জনের নামের পাশে তাদের রাজনৈতিক পরিচয় হিসেবে জামায়াতে ইসলামী লেখা ছিল।


জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার বলেছেন, চাঁন সওদাগর আমাদের মিছিল-মিটিংয়ে আসত। কিন্তু দলে তার কোনো পদ-পদবী নেই।


শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগরের সভাপতি অধ্যাপক আব্দুস সালাম বলেন, বিগত সরকারের আমলে জেলে থাকা অবস্থায় চান সওদাগরের সঙ্গে আমার পরিচয়। আমাকে সম্মান করত। তখন শুনেছিলাম, বর্ণালী মোড়ে তার চায়ের দোকান আছে। কিছুক্ষণ আগে মহানগর শিবিরের সাবেক সভাপতি খাইরুল ইসলামকে একটা বিষয়ে ফোন করেছিলাম। তার কাছে শুনলাম যে চান সওদাগরকে সন্দেহমূলক আটক করা হয়েছে এবং তাকে পেটানো হয়েছে।


তিনি দাবি করেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনে অভিযুক্ত চান সওদাগরের কোনো পদ-পদবী নেই। তিনি বলেন, আমাদের সংগঠনের ওয়ার্ড পর্যায়ে কোনো কমিটিও নেই। তবে থানা কমিটি আছে। থানা কমিটির অধীনে বিভিন্ন ওয়ার্ডে থাকা ট্রেড ভিত্তিক কিছু কমিটি আছে।


রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মালেক বলেন, সেনাবাহিনী চাঁন সওদাগরসহ তিনজনকে আটক করে থানায় দিয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মামলা হবে। রোববার তাদের আদালতে তোলা হবে।