শনিবার, আগস্ট ২২, ২০২৬

রসিংটনকে হারাল চট্টগ্রাম, রাজশাহীর ডেরায় নিশাম

সোনার দেশ ১০ জানুয়ারি ২০২৬ ০৭:৪৬ অপরাহ্ন খেলা
সোনার দেশ ১০ জানুয়ারি ২০২৬ ০৭:৪৬ অপরাহ্ন
রসিংটনকে হারাল চট্টগ্রাম, রাজশাহীর ডেরায় নিশাম

বিপিএলের চলতি আসরে উড়ছিল চট্টগ্রাম রয়্যালস। সাত ম্যাচের পাঁচটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বিসিবির মালিকানাধীন দলটি। তবে মাঠের পারফরম্যান্সে যখন দারুণ সময় পার করছে তারা, তখনই বড় ধাক্কা খেল দলটি। আঙুলের চোটে মাঝপথেই বিপিএল থেকে ছিটকে গেছেন দলের সেরা তারকা অ্যাডাম রসিংটন। এদিকে রাজশাহী ওয়ারিয়র্স শিবিরে স্বস্তি ফেরাতে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশাম।


এবারের আসরে চট্টগ্রামের ব্যাটিং স্তম্ভ ছিলেন ইংলিশ ব্যাটার অ্যাডাম রসিংটন। নাইম শেখের সঙ্গে তার উদ্বোধনী জুটি দলকে এনে দিচ্ছিল উড়ন্ত সূচনা। এখন পর্যন্ত ৬ ম্যাচে ৬৪.৫০ গড়ে ২৫৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৩টি হাফ সেঞ্চুরিও হাঁকিয়েছেন। তবে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পাওয়াই কাল হলো তার জন্য।


সহসাই সেরে ওঠার সম্ভাবনা না থাকায় আগামীকাল ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন রসিংটন। বিষয়টি নিশ্চিত করে সংমাধ্যমকে নাফিস ইকবাল বলেন, ‘রসিংটন আঙুলের চোটে পড়েছেন। এজন্য বিপিএলের বাকি অংশে তিনি খেলতে পারবেন না। কালই তিনি দেশে ফিরে যাবেন। আমরা তার বিকল্প খোঁজার চেষ্টা করছি।’


এদিকে বিগ ব্যাশ খেলার কথা থাকলেও বিপিএল মাতাতে ঢাকায় এসেছেন জিমি নিশাম। সাদা বলের ক্রিকেটে, বিশেষ করে টি-টোয়েন্টিতে তিনি বিশ্বসেরা অলরাউন্ডারদের একজন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৩ ম্যাচে ১৪৯ স্ট্রাইক রেটে ১০১০ রান ও ৫৬ উইকেট তার সামর্থ্যের প্রমাণ দেয়।


বিপিএলেও নিশাম পরিচিত মুখ। ২০২৪ সালে রংপুর রাইডার্সের হয়ে মাত্র ৭ ম্যাচে ১৬৭.২৪ স্ট্রাইক রেটে ২৯১ রান ও ৪ উইকেট নিয়ে আলো ছড়িয়েছিলেন। গত আসরে ফরচুন বরিশালের স্কোয়াডে থাকলেও ফাইনালে তাকে খেলানো হয়নি। এবার রাজশাহী ওয়ারিয়র্সের জার্সিতে দেখা যাবে এই কিউই তারকাকে।