বিএনপি ক্ষমতায় আসলে জুলাই বিপ্লবে যারা শহিদ হয়েছেন তারাও সম্মানি পাবেন: দুলু
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত সতেরো-আঠারো বছর দেশে খেলাধুলাও রাজনীতিকর করা হয়েছিল। তখন আওয়ামী লীগপন্থী না হলে ভালো খেলোয়াড় হওয়ার পরেও ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল টিমে অংশগ্রহণ করতে পারতো না।
বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে মুক্তিযোদ্ধাদেরকে বর্তমানে যেভাবে সম্মানী দেয়া হয় তেমনি আগস্ট বিপ্লবে যারা শহিদ হয়েছেন তারাও সম্মানী পাবেন।
তিনি আরো বলেন, খেলোয়াড়রা আমাদের দেশের গর্ব। কারণ, এই খেলোয়াড়রা যখন খেলার জীবন শেষ করে অবসরে যায় তখন তাদের অনেককে অর্থের জন্য কষ্টে জীবন পার করতে হয়। এই কারণে আমাদের নেতা তারেক রহমান সাহেব খেলোয়াড় ও খেলাধুলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।
উনি মনে করেন স্কুল পর্যায়ে আন্তঃস্কুল খেলা ও কলেজ পর্যায়ে যে আন্তঃকলেজ বন্ধ হয়ে গিয়েছিলো উনি এগুলো আবার চালু করবেন।
দুলু বলেন, একজন ন্যাশনাল, বা ইন্টারন্যাশাল খেলোয়াড় অবসর নিলে যেন সরকারি ভাতা পান তার ব্যবস্থা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে করা হবে।
শনিবার দুপুরের দিকে নাটোর শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি টি -২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর আহবায়ক মোঃ বাদশা আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রাকিবুল হাসান ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ফয়জুল হক শামিম প্রমুখ।