পাবনায় সুজন আয়োজিত গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
ভোটের পরিবেশ, আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়ন ও মব দমন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ; ইসিকে মব দমন করতে হবে। মব দমন না করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। বক্তারা আরও বলেন, নির্বাচন কমিশনকে সরকার ও দেশ নিয়ন্ত্রণ করতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হলে প্রশাসনের নিরপেক্ষতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে নেয়ার আহ্বান জানিয়েছেন পাবনার নাগরিক সমাজের প্রতিনিধিরা।
শনিবার (১০ জানুয়ারি) সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) পাবনার আয়োজনে গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রম,সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ আহ্বান জানান।
সুজন পাবনার সভাপতি আব্দুল মতীন খানের সভাপতিত্বে ও সম্পাদক আশরাফ আলীর সঞ্চালনায় বৈঠকে আরও বক্তব্য রাখেন সুজনের কেন্দ্রিয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমানসহ শিক্ষক, সাংবাদিক, অধ্যাপক, চিকিৎসক, সমাজকর্মী, ছাত্র প্রতিনিধিসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃত্ত্ববাদী আচরণ থেকে বের হতে পারে নি। পেশীশক্তি ব্যবহারে ভিন্নমত দমনের সংস্কৃতি পরিবর্তন না হলে সুষ্ঠু নির্বাচন ও প্রত্যাশিত গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়। নির্বাচনের আগেই ভোটারদের জন্য ভীতিমুক্ত সবার জন্য সমান পরিবেশ সৃষ্টির দাবী জানান।
বৈঠকে সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার গণতন্ত্র শক্তিশালী করতে নাগরিক সমাজকে সোচ্চার থাকার আহ্বান জানান।