সোমবার, জুন ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৬ ০৮:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৬ ০৮:১৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় সিরাজুল ইসলাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকার এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলায় রায়ে দুইজনকে খালাস দেয়া হয়।


দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চাঁন্দলাই-জোড়বাগান এলাকার মহল্লার মৃত চাঁন মোহাম্মদের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।


রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আব্দুল ওদুদ বলেন, ২০২০ সালের ৭ আগস্ট সদর উপজেলার বাগডাঙ্গা-খাঁকচাপাড়ায় অভিযান চালিয়ে ১ কেজি ৫৬০ গ্রাম হেরোইনসহ সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব। পরের দিন র‌্যাবের এসআই মো. হাফিজুর রহমান বাদি হয়ে সিরাজুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। অপর দুজনকে পলাতক দেখানো হয়।


মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই মো. জিন্নাতুল ইসলাম ২০২০ সালের ২৬ আগস্ট সিরাজুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় সিরাজুল ইসলামকে যাবজ্জীন কারাদণ্ড প্রদান করেন।


তবে আদালত দুই জনকে খালাস দেন। তারা হলেন- সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গাইপাড়া এলাকার মৃত আবু বাক্কারের ছেলে শহিদুল ইসলাম ওরফে শহিদুল ডিলার ও ইসলামপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়নপুরের মৃত এন্তাজ আলীর ছেলে সাদেকুল ইসলাম।