সোমবার, আগস্ট ২৪, ২০২৬

রমজান-ঈদে আরডিএ মার্কেটের বস্ত্র ব্যবসায়ীদের ন্যায্যমূল্য ও মান নিশ্চিতের আহ্বান

নিজস্ব প্রতিবেদক ১২ জানুয়ারি ২০২৬ ০৮:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১২ জানুয়ারি ২০২৬ ০৮:৫৯ অপরাহ্ন
রমজান-ঈদে আরডিএ মার্কেটের বস্ত্র ব্যবসায়ীদের ন্যায্যমূল্য ও মান নিশ্চিতের আহ্বান

আসন্ন পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সুশৃঙ্খল বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীর আরডিএ মার্কেটে তৈরি পোশাক বিক্রয়কারী ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নগরীর আরডিএ মার্কেটের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিভাগের উপপরিচালক মো. ইব্রাহীম হোসেন।


তিনি বলেন, রমজান ও ঈদের সময় পোশাকসহ বিভিন্ন পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এই সময় কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দাম আদায়, পণ্যের মান নিয়ে প্রতারণা কিংবা দেশি পণ্য বিদেশি বলে ভোক্তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এসব অনিয়ম রোধে ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, ন্যায্য দাম ও মানসম্মত পণ্য নিশ্চিত করা


শুধু আইনি বাধ্যবাধকতা নয়, বরং এটি ব্যবসার প্রতি ভোক্তাদের আস্থা বাড়ানোর অন্যতম প্রধান উপায়। তিনি জানান, প্রতিটি দোকানে পণ্যের স্পষ্ট মূল্য তালিকা প্রদর্শন, ক্রেতাকে রসিদ প্রদান এবং পণ্যের গুণগত মান বজায় রাখা বাধ্যতামূলক। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে নিয়মিত অভিযান পরিচালনা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।


একই সঙ্গে উপপরিচালক ইব্রাহিম হোসেন বলেন, ভোক্তা অধিদপ্তর ব্যবসায়ীদের প্রতিপক্ষ নয়; বরং একটি স্বচ্ছ, ন্যায্য ও ভোক্তাবান্ধব বাজার ব্যবস্থা গড়ে তুলতে ব্যবসায়ীদের অংশীদার হিসেবে নিয়ে কাজ করতে চায়। ব্যবসায়ী ও প্রশাসনের সমন্বিত উদ্যোগই বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে বলে তিনি মন্তব্য করেন।


মতবিনিময় সভায় বক্তব্য দেন, আরডিএ মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল বাবুল। তিনি বলেন, ভোক্তা অধিদপ্তরের এমন উদ্যোগ ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে সহায়ক হবে। আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে আরডিএ মার্কেটের ব্যবসায়ীরা ন্যায্য দামে মানসম্মত পোশাক সরবরাহে আন্তরিকভাবে কাজ করবেন বলে তিনি আশ্বাস দেন।


ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইয়াসিন আলী বলেন, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় জরুরি। ভোক্তা সন্তুষ্টি নিশ্চিত করা গেলে ব্যবসার সুনাম বাড়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে বাজার স্থিতিশীল থাকবে বলেও তিনি উল্লেখ করেন। সভায় সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাতসহ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আরডিএ মার্কেটের তৈরী পোশাক বিক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সভার শেষ পর্যায়ে ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও মতামত তুলে ধরেন। কর্মকর্তারা এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। রমজান ও ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে বাজারে ভোক্তা অধিকার সুরক্ষা, ন্যায্যমূল্য এবং মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।