রাতের আঁধারে শীতার্তদের কষ্ট লাঘবে কম্বল বিতরণ বিজিবির
চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে লোকচক্ষুর আড়ালে ঘুরে ঘুরে হতদরিদ্র শীতার্ত মানুষের কষ্ট স্বচক্ষে দেখে তাদের মাঝে কম্বল বিতরণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
গত রোববার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় তিনি নিজ উদ্যোগে কম্বল নিয়ে মানুষের দ্বারে দ্বারে হাজির হন। তার এই মানবিক উদ্যোগে সুবিধাভোগীরা আবেগাপ্লুত ও হতবাক হয়ে পড়েন এবং বিজিবির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়কের এই উদার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের মাঝে বিজিবির ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে এবং জনমনে আশার আলো সঞ্চার করেছে। সাধারণ জনগণের মতে, অধিনায়কের এই মানবদরদী কর্মকাণ্ড সমাজের বিত্তবান ও প্রভাবশালীদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শীতের তীব্রতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা নেমে এসেছে ৮–৯ ডিগ্রি সেলসিয়াসে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে দুস্থ, ছিন্নমূল ও অসহায় ব্যক্তিরা চরম দুর্ভোগে পড়েন এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
এই পরিস্থিতি উপলব্ধি করে কোনো ধরনের প্রচারণা ছাড়াই লোকচক্ষুর অন্তরালে রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক।