চাঁপাইনবাবগঞ্জে দুই নারীসহ চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা
চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই বস্তিতে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গঠিত টাস্কফোর্স। মঙ্গলবার বিকালে এ অভিযান চালানো হয়। এ সময় গাঁজাসহ আটক দুই নারীসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়নশুকা-কামারপাড়ার মোঃ জহুরুল ইসলাম ও রেহাইচর আদর্শপাড়ার মোঃ রহমত আলী। এছাড়াও দুই নারী রয়েছেন।
চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকবিরোধী টাস্কফোর্সের নিয়মিত অভিযানের অংশ বিকালে পিটিআই বস্তিতে অভিযান চালানো হয়। এ সময় ৭০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয় চারজনকে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. তায়েফ উল্লাহ হুজাইফ তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
তিনি আরও বলেন, সাজাপ্রাপ্তদের মধ্যে জহুরুল ও রহমতকে তিনদিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়াও এক নারীকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং অপর আরেক নারীকে পাঁচদিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।