৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৩০ জানুয়ারি
সরকারি চাকরিতে ঢোকার ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ওইদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত আটটি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হলেও প্রার্থীদের সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে বলেছে পিএসসি। সাড়ে ৯টার পর পরীক্ষা কেন্দ্রের সব গেইট বন্ধ হয়ে যাবে বলেও জানিয়েছে পিএসসি।
প্রিলিমিনারি পরীক্ষায় প্রার্থীদের ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষা সময় থাকবে ২ ঘণ্টা।
এ পরীক্ষায় ২০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর করে পাবেন প্রার্থীরা। আর ভুল উত্তরের জন্য ০ দশমিক ৫০ নম্বর কাটা যাবে।
* বিসিএসের প্রিলিমিনারি ৩০ জানুয়ারি
*ঁসময় ২ ঘণ্টা; সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত
* নম্বর: ২০০
*শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর করে পাওয়া যাবে
* ভুল উত্তরের জন্য ০ দশমিক ৫০ নম্বর কাটা যাবে
*ফল প্রকাশ হবে ১০ ফেব্রুয়ারি
পরীক্ষার হলে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, সায়েন্টিফিক বা প্রোগ্রামেবল ক্যালকুলেটর, সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক বা ক্রেডিট কার্ডসদৃশ কোন ডিভাইস, গহনা, ব্রেসলেট, ব্যাগ ও মানিব্যাগ নিষিদ্ধ থাকবে।
পিএসসি বলছে, নিষিদ্ধ সামগ্রীসহ কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না।
পরীক্ষা হলের গেইটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।
পরীক্ষার দিন নিষিদ্ধ সামগ্রী সাথে না আনার জন্য সকল পরীক্ষার্থীর মোবাইল ফোনে এসএমএস পাঠাবে পিএসসি। এসএমএস বার্তার নির্দেশনা অনুসরণ করার কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কানের ওপর কোন আবরণ রাখা যাবে না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ পূর্বাহ্ণে কমিশনের অনুমোদন নিতে হবে।
বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭৫৫টি পদে ও ননক্যাডারের ৩৯৫টি পদসহ মোট ২ হাজার ১৫০ পদে পদে নিয়োগে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি গত ২৬ নভেম্বর প্রকাশ করে পিএসসি। ৪ ডিসেম্বর থেকে এ বিসিএসের আবেদন শুরু হয়ে চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি স্বাস্থ্যে ৬৫০ জন ও প্রশাসনে ২০০ জন নিয়োগ দেবে সরকার। তৃতীয় অবস্থানে শিক্ষা ক্যাডারে ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
এক বছর সময়ের মধ্যে এ বিসিএসের কার্যক্রম শেষ করার পরিকল্পনা বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে কমিশন।
বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হবে ১০ ফেব্রুয়ারি। ৯ এপ্রিল লিখিত পরীক্ষা শুরু হয়ে ফল প্রকাশের সম্ভাব্য তারিখে নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই।
এরপর ১০ অগাস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে ২৫ নভেম্বর ফল প্রকাশ করা হবে।
এ বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হলেও মৌখিক পরীক্ষা সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও জানিয়েছে পিএসসি।
তথ্যসূত্র: বিডিনিউজ