সোমবার, জুন ২২, ২০২৬

পার্বতীপুরে এনসিপি’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : ১৪ জানুয়ারি ২০২৬ ০২:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : ১৪ জানুয়ারি ২০২৬ ০২:০৮ অপরাহ্ন
পার্বতীপুরে এনসিপি’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর উপজেলার ৩ নম্বর রামপুর ইউনিয়নের জমিরহাট দি-মুখী উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে সারাদিনব্যাপী চিকিৎসা সেবা দেওয়া হয়। ক্যাম্পেইনের নেতৃত্ব দেন দিনাজপুর–৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের এমপি পদপ্রার্থী ডা. মোহাম্মদ আব্দুল আহাদ।তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেসিডেন্সিয়াল নিউরোসার্জন হিসেবে দায়িত্ব পালন করছেন। ডা. আব্দুল আহাদের সঙ্গে আরও ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দেন। সকাল ১০টা থেকে রোগী দেখা শুরু করেন চিকিৎসকরা।

মেডিসিন,ডায়াবেটিস,চক্ষু,দন্ত, বাত,স্নায়ু ও হৃদরোগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসা সেবা দেওয়া হয়। ক্যাম্পে ইসিজি ও ল্যাব পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়। এতে প্রায় ৫ শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। সেবাগ্রহীতাদের মধ্যে- নারী,পুরুষ,শিশু,বৃদ্ধ,শিক্ষক ও শিক্ষার্থীরা ছিলেন। স্থানীয় গরিব ও মেহনতি মানুষ এ ক্যাম্পে বেশি উপকৃত হন।এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করেন। ক্যাম্পে সভাপতিত্ব করেন এনসিপি দিনাজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম।

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ফ্রি চিকিৎসা পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন উদ্যোগের দাবি জানান।