সোমবার, আগস্ট ২৪, ২০২৬

পুরুষ ক্রিকেটারদের জন্য খরচকৃত টাকা মেয়েদের ক্রিকেট দলকে দেওয়ার আহ্বান রাকসু জিএসের

রাবি প্রতিবেদক ১৫ জানুয়ারি ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ১৫ জানুয়ারি ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ন
পুরুষ ক্রিকেটারদের জন্য খরচকৃত টাকা মেয়েদের ক্রিকেট দলকে দেওয়ার আহ্বান রাকসু জিএসের
রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার। ছবি: সংগৃহীত

পুরুষ ক্রিকেটারদের হাতি উল্লেখ করে তাদের খেলা বন্ধ হলেই বাংলাদেশ ক্রিকেটের উপকার হবে বলে মন্তব্য করেছেন রাকসু’র জিএস সালাহউদ্দিন আম্মার। ২০টা ম্যাচ খেলে ২১টাতে হারা দলকে ন্যূনতম সম্মান দেওয়ারও কোনো দায় নেই বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি পুরুষ ক্রিকেটারদের জন্য খরচকৃত টাকা মেয়েদের ক্রিকেট দলকে দেওয়ারও আহ্বান জানিয়েছেন এই আলোচিত ছাত্রনেতা।

বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আম্মার লিখেছেন, আজ যখন বিসিবির একজন পরিচালক উচিত কথা বলেছে তখনই ভয় দেখানো শুরু- পদত্যাগ না করলে নাকি ক্রিকেট খেলাই বন্ধ! বন্ধ করুক। এই হাতিদের খেলা বন্ধ হলেই বাংলাদেশ ক্রিকেটের উপকার। এই মুহূর্তে এদের সব বেতন-ভাতা, সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়া হোক। এদের পেছনে যে টাকা ধ্বংস করা হয় সেই টাকা মেয়েদের ক্রিকেট দলকে দিন।

তিনি লিখেছেন, দেশের ক্রিকেট আজ যে জায়গায় দাঁড়িয়ে তার জন্য দায়ী মাঠের বাইরের দালাল সিন্ডিকেট আর মাঠের ভেতরের ব্যর্থ, অথর্ব কিছু তারকা খেলোয়াড়। মোস্তফিজকে বাদ দিয়ে ভারত যখন বাংলাদেশকে প্রকাশ্যে অপমান করল তখন কোয়াবের ইজ্জত কোথায় ছিল? তখনতো খেলা বন্ধের হুমকি আসেনি, বিশ্বকাপ ছাড়ার আওয়াজ ওঠেনি, দেশের সম্মানের প্রশ্নে কোনো ঐক্য দেখা যায়নি।

তিনি আরও লিখেছেন, মিরাজ, মিথুন, শান্তদের এক মাসের বেতন মেয়েদের দুই বছর দিন। ২০টা ম্যাচ খেলে ২১টাতে হারা দলকে ন্যূনতম সম্মান দেওয়ারও কোনো দায় নেই। বোর্ডের টাকায় বসে খাওয়া, ঘুমানো, ফুটানি আর হার তারপর আবার হুমকি! খেলা বন্ধ করার হুমকি দেওয়ার আগে অন্তত দালালি বাদ দিয়ে খেলাটা শিখ।