বগুড়ায় সেনাবাহিনীর অভিযান পিস্তল ও দেশীয় তৈরি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
বগুড়ার ধুনট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি পিস্তল ও দেশীয় তৈরি ৩টি অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি বাবুর বাজার এলাকায় একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ওমরদীঘি গ্রামের ইজার উদ্দিনের ছেলে রায়হান আলী রানা (৪০) ও একই উপজেলার শাকপালা এলাকার জামাল পোদ্দারের ছেলে ফিরোজ পোদ্দার (৩৮)।
বগুড়া তিনমাথা রেলগেটসংলগ্ন যুব উন্নয়ন ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ তমালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন সময়ে সেনাবাহিনীর সদস্যরা বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামে খোকন মিয়ার নির্মাণাধীন ভাড়া বাড়িতে অভিযান চালান। ওই বাড়ি থেকে নয় মিলিমিটার বোরের একটি ব্রিটিশ বুলডগ রিভলবার, পাঁচটি দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।