যৌথবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে ৩২৫ জন আটক
রাজধানী ঢাকাসহ সারা দেশে গত এক সপ্তাহে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩২৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আটকদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেল, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতিতে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ৯ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন ডিভিশন ও ব্রিগেডের অধীন ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারিসহ মোট ৩২৫ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিদের কাছ থেকে ২৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪১৯ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১৪টি ককটেল, দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে আইএসপিআর জানিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।
তথ্যসূত্র: বাংলানিউজ