রাবির এ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতির হার ৯০.৬৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির এ ইউনিটের ভর্তি-পরীক্ষা শনিবার (১৭ জানুয়ারি) সম্পন্ন হয়েছে। এ ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই শিফটে অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ডিনস্ কমপ্লেক্সের সামনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের ভর্তি পরীক্ষা সম্পর্কে অবহিত করেন।
এসময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপাচার্য ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের সেবা প্রদানের জন্য নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের কয়েকটি বুথ পরিদর্শন করেন।
এ ইউনিটের পরীক্ষায় প্রথম শিফটের ৫৭ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৬৫৭ জন উপস্থিত ছিল। শতকরা হিসেবে উপস্থিতির হার ৯১.১৭। দ্বিতীয় শিফটের ৫৭ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৭৩ জন উপস্থিত ছিল। শতকরা হিসেবে উপস্থিতির হার ৯০.১৬।
ভর্তি-পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে পরবর্তী পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অনুরূপ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছে।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে ১ জন বহিস্কৃত হয়েছে ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরুর আগে ইলেকট্রনিক ডিভাইসসহ সনাক্ত হওয়ায় ১ জনকে ভ্রাম্যমান আদালত তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।
প্রসঙ্গত, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের কথা বিবেচনা করে এবার ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে।
ভর্তি পরীক্ষার তৃতীয় দিনে আগামী ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ শনিবার বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।