রাজশাহী-৫ আসনে আরও একজন ফিরে পেলেন প্রার্থিতা, এ আসনে লড়বেন চার প্রার্থী
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে পেয়েছেন ব্যারিস্টার রেজাউল করিম। নির্বাচন কমিশনে আপিলের পর শনিবার (১৭ জানুয়ারি) তার প্রার্থিতা পুনর্বহাল করা হয়।
এর আগে প্রাথমিক যাচাই-বাছাইয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। আপিল নিষ্পত্তির মাধ্যমে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে।
এছাড়াও এর আগে ১৩ জানুয়ারি আপিল শুনানিতে এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপির আরেক নেতা ইসফা খাইরুল হক শিমুল। শিমুল পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার পরই তিনি মাঠে নেমেছেন। তিনি স্বতন্ত্র হয়েই ভোট করবেন।
ব্যারিস্টার রেজাউল করিম যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে রাজশাহী-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। এ আসনে বিএনপির আরেক নেতা ইসফা খাইরুল হক শিমুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।
প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার রেজাউল করিম বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার পেয়েছেন তিনি এবং নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে অংশ নিতে প্রস্তুত। রাজশাহী-৫ আসনে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে মাত্র দুইজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পরে বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করলে তাদের মধ্যে দুইজন প্রার্থিতা ফিরে পান।
সবশেষ পরিস্থিতিতে এই আসনে চারজন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। তারা হলেন- বিএনপির অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মনজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক শিমুল এবং স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম।