সোমবার, জুন ২২, ২০২৬

আট দিনে প্রার্থিতা ফিরল ৩৯৬ জনের

সোনার দেশ ডেস্ক ১৮ জানুয়ারি ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৮ জানুয়ারি ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ন
আট দিনে প্রার্থিতা ফিরল ৩৯৬ জনের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির অষ্টম দিন শনিবার ৪৫টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন।

এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৩ জন; আর হারিয়েছেন দুজন।

এ নিয়ে আট দিনে ৩৯৬ জন প্রার্থিতা ফিরে পেলেন এবং চারজনের প্রার্থিতা বাতিল হলো।

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি চলে।

রোববার আপলি শুনানির শেষ দিন। এদিন প্রায় অর্ধশত আপিল শুনানির পাশাপাশি অপেক্ষমাণ থাকা আপিলের সিদ্ধান্তও হবে।

ইসির উপর আস্থা রাখা ছাড়া বিকল্প নাই: জাপা

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, নির্বাচন কমিশনের উপর আস্থা রাখা ছাড়া কোনো বিকল্প নেই।

শনিবার নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে ইসির মিডিয়া সেন্টারের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা, তাদের উপর আস্থা রাখা ছাড়া তো আমাদের আসলে আর কোন বিকল্প নেই।”

তিনি জানান, এখন পর্যন্ত জাপা প্রার্থীদের প্রায় ৪০টি আপিল শুনানি হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৩৫টি আপিল মঞ্জুর হয়েছে। প্রার্থীরা বিপুল উৎসাহ নিয়ে ভোট করবেন।

“ লেভেল প্লেইং ফিল্ডের তীব্র সংকট আমরা দেখছি। নির্বাচন কমিশনের ভেতরে হাতাহাতির ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনের করিডোরে হাতাহাতির ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনের অফিসের সামনে বাইরে রাস্তায় পুলিশের সামনে চরমভাবে হাতাহাতির ঘটনা ঘটেছে। একটি অফিসই এখনো পুরোপুরি নিরাপদ না; সারা দেশ কীভাবে নিরাপদ হবে।”

ফিরলেন আরও দুই নারী প্রার্থী

খাগড়াছড়ি আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা।

মনোনয়নপত্র জমার সময় স্বতন্ত্র প্রার্থী হতে জিরুনা ত্রিপুরা ভোটার সমর্থন দেখানোর কথা ছিল ৪ হাজার ৭৪১ জনের। কিন্তু তিনি দেখিয়েছিলেন ৬১৩ জন। যাচাইয়ের সময় তার প্রার্থিতা বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

তবে শুনানিতে তার আবেদন মঞ্জুর হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর জিরুনা ত্রিপুরা বলেন, “পাহাড়ি এলাকা হওয়ায় এত মানুষের সই নেওয়ার জন্য প্রয়োজনীয় সময় পাইনি।”

রিটার্নং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন জামালপুর-৩ আসনের স্বতন্ত্র নারী প্রার্থী ফারজানা ফরিদ।

শনিবারের আপিলের ফল

জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে শনিবার ১১২টি আবেদনের শুনানি হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪৩টি আপিল আবেদন মঞ্জুর হয়েছে (প্রার্থিতা ফিরে পেয়েয়েন) এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২টি আপিল মঞ্জুর (প্রার্থিতা বাতিল) করেছে।

এছাড়া ৩৭টি আপিল আবেদন না-মঞ্জুর হয়েছে। কমিশন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৩টি ও গ্রহণের বিরুদ্ধে ২৪টি আপিল না-মঞ্জুর করে। শুনানিতে ৯টি আপিল আবেদন প্রত্যাহার ও ২ জন আপিলকারী অনুপস্থিত ছিলেন।

১৯০টি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিল ১৮৪২ জন (আপিলে বাদ চারজন)। গত শনিবার থেকে টানা আট দিনে আপিল ৩৯৩ জন প্রার্থিতা ফিরে পাওয়ায় এখন পর্যন্ত বৈধ প্রার্থী দাঁড়াল ২ হাজার ২৩৬ জন। অবশ্য পাবনা ১ ও পাবনা-২ নির্বাচনের আগে বৈধ হওয়া ১১ জন প্রার্থী এ তালিকা থেকে বাদ যাবে।

১৮ জানুয়ারি রোববার আপিল শুনানির শেষ দিন।

এবার ৬৪৫ জন আপিল করেছেন। সবশেষ শনিবার ৫১১ থেকে ৬১০ নম্বর আপিলের শুনানি হয়েছে।

রোববার সকাল ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে বাকিগুলোর শুনানি শুরু হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল শুনানি শেষে ২০ জানুয়ারি পযন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় রয়েছে। এরপর চূড়ান্ত হবে, কতজন প্রার্থী ভোটে থাকছেন।

২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা প্রতীক পাবে। পরের দিন শুরু হবে নির্বাচনি প্রচার; আর ১২ ফেব্রুয়ারি হবে ভোট।

তথ্যসূত্র: বিডিনিউজ