সোমবার, জুন ২২, ২০২৬

গুলশানে ফ্ল্যাটে মিলল তরুণীর গলা কাটা লাশ

সোনার দেশ ডেস্ক ১৮ জানুয়ারি ২০২৬ ০১:০৯ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৮ জানুয়ারি ২০২৬ ০১:০৯ অপরাহ্ন
গুলশানে ফ্ল্যাটে মিলল তরুণীর গলা কাটা লাশ
প্রতীকী ছবি

ঢাকা মহানগর পশ্চিম কালাচাঁদপুর এলাকার একটি ফ্ল্যাট থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামে এক তরুণীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণী একটি বারে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। 

রোববার (১৮ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

তিনি জানান, গত শনিবার (১৭ জানুয়ারি) রাতে সংবাদের পরিপ্রেক্ষিতে গুলশান পশ্চিম কালাচাঁদপুর একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে সাদিয়া রহমান মীম নামে ওই তরুণীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়।

এ ছাড়া তরুণীর শরীরের আরও বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। 

রওনক আলম জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই তরুণী একটি বারে কাজ করতেন এবং পশ্চিম কালাচাঁদপুরের ওই ফ্ল্যাটে বসবাস করতেন। তার সঙ্গে আরও একজন তরুণী থাকতেন বলে জানা গেলেও লাশ উদ্ধারের সময় ওই রুমমেটকে খুঁজে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তথ্যসূত্র: বাংলানিউজ