সোমবার, জুন ২২, ২০২৬

ঈশ্বরদীতে আমির হামজার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৬ ০৩:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৬ ০৩:০৩ অপরাহ্ন
ঈশ্বরদীতে আমির হামজার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

ইসলামী বক্তা ও কুষ্টিয়া-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার রাতে ঈশ্বরদী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মিছিলটি বের হয়। মিছিলটি পোস্ট অফিস মোড় থেকে হাসপাতাল সড়ক হয়ে পুরাতন রিকশা স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা মুফতি আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে সেখানে তার কুশপুত্তলিকা দাহ করেন বিএনপি নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) সংসদ সদস্য পদপ্রার্থী জাকারিয়া পিন্টু।

তিনি বলেন, জামায়াতে ইসলামী তথা একজন ধর্মীয় বক্তার মুখ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমির হামজার বক্তব্য শুধু একটি পরিবারের নয়, শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী কোটি মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, আটঘরিয়া উপজেলার মাঝপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেনসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: আরাফাত রহমান কোকোকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুফতি আমির হামজার একটি ভিডিও কয়েকদিন আগে ভাইরাল হয়। ভিডিওতে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে একটি কুরুচিপূর্ণ বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।