চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে নির্বাচনে তিনটি আসনে ১০৬ জন কয়েদি ভোটাধিকার প্রয়োগ করবেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার ১০৬ জন বন্দী পোস্টাল ভোটারের জন্য আবেদন করেছেন। যদিও বন্দির তুলনায় আবেদনের সংখ্যা ৬ ভাগের এক ভাগ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা জেল সুপার আমজাদ হোসেন জানান, অন্যান্যবারের নির্বাচনের চেয়ে এবার পোস্টাল ভোটের প্রচার-প্রচারণা বেশি ছিলো। প্রার্থীরাও পোস্টাল ভোটকে বেশ গুরুত্ব দিয়েছেন এবং পোস্টাল ভোটের আবেদনের জন্য উৎসাহ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের কারাগারের ১০৬ জন বন্দি সংসদ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য আবেদন করেছেন।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ কারাগারে গড়ে সাড়ে ৬ শতাধিক বন্দি থাকে। আজ (রোববার) সকালেও বন্দির সংখ্যা ছিল ৬৫৫ জন। এসব বন্দির মধ্যে ১০৬ জন পোস্টাল ভোট দেয়ার জন্য আবেদন করেছেন। এই ১০৬ জনই চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের ভোটার।
তিনি আরও বলেন, পোস্টাল ভোটের জন্য আবেদন করেছেন এমন কয়েকজনের জামিনও হয়ে গেছে এরইমধ্যে। তারাও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোটাধিকার প্রয়োগ করবেন।
তিনি আরও বলেন, বন্দিদের নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ব্যালট পেপার পাঠানোর ব্যবস্থা করা হবে। তিনি বলেন, আবেদন করেছেন এমন কোন বন্দি যদি ভোটের আগে জামিন পেয়ে যান, তাকেও পোস্টাল ভোটই প্রদান করতে হবে। তার সরাসরি ভোট দেয়ার সুযোগ থাকবে না।