সোমবার, জুন ২২, ২০২৬

অটোরিকশায় চাপা দিয়ে বাস খাদে, নিহত অন্তত ৬

সোনার দেশ ১৮ জানুয়ারি ২০২৬ ০৯:১৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ১৮ জানুয়ারি ২০২৬ ০৯:১৬ অপরাহ্ন
অটোরিকশায় চাপা দিয়ে বাস খাদে, নিহত অন্তত ৬

মাদারীপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারানো বাস খাদে পড়ার ঘটনায় অন্তত ৬ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।


রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঢাকা–বরিশাল মহাসড়কের ঘটকচর ইউনিয়নের মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ নিশ্চিত করেন, সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।


তিনি জানান, ঘটনাস্থলেই ৩ জন নিহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন মারা যান।


নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন সার্বিক পরিবহনের চালকের সহকারী পান্নু মুন্সী ও মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের শাহ আলমের ছেলে রুমান।



ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালায়।