সোমবার, এপ্রিল ২০, ২০২৬

শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে বিএনপির দৃঢ় অঙ্গীকার

সোনার দেশ ডেস্ক ১৯ জানুয়ারি ২০২৬ ০২:৪৬ অপরাহ্ন রাজনীতি
সোনার দেশ ডেস্ক ১৯ জানুয়ারি ২০২৬ ০২:৪৬ অপরাহ্ন
শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে বিএনপির দৃঢ় অঙ্গীকার
শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক নন, তিনি আধুনিক বাংলাদেশের রূপকার এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তাঁর আদর্শকে ধারণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি উদার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ়ভাবে অগ্রসর হবে।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এ উপলক্ষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ করেন। 

পরে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “সারাদেশের মানুষ আজ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় এই দেশপ্রেমী রাষ্ট্রনায়ককে স্মরণ করছে। তাঁর রাজনৈতিক দর্শন ও আদর্শ আজও আমাদের পথনির্দেশনা দেয়।”

তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি অবিস্মরণীয় নাম। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা এবং বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ও জাতীয় ঐক্য গঠনে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।”

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, “নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব যোগ্যতা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করবে এমনটাই বিএনপি প্রত্যাশা করে।” দলের পক্ষ থেকে প্রয়োজনীয় বিষয়গুলো নির্বাচন কমিশনের সামনে উপস্থাপন করা হবে বলেও তিনি জানান।

মির্জা ফখরুল আরো বলেন, “ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনর্গঠন এবং গণতন্ত্রকে শক্ত ও প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর দাঁড় করানোর লক্ষ্যে বিএনপি ও এর সকল অঙ্গসংগঠন শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে আজ নতুন করে শপথ গ্রহণ করেছে।”

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ; সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী; যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলামসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।

তথ্যসূত্র: রাইজিংবিডি