মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

মোহনপুর প্রেসক্লাব ও ক্যাবের উদ্যাগে শীতার্তদের কম্বল বিতরণ

কেশরহাট প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৬ ০৭:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
কেশরহাট প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৬ ০৭:৩৮ অপরাহ্ন
মোহনপুর প্রেসক্লাব ও ক্যাবের উদ্যাগে শীতার্তদের কম্বল বিতরণ

চলতি শীতে দেশের উত্তরাঞ্চলসহ রাজশাহীর বিভিন্ন এলাকায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। দিনে কোনোভাবে কাজ চালানো গেলেও রাত নামলেই শীতের প্রকোপ চরম আকার ধারণ করছে। কনকনে ঠান্ডায় অসহায় ও ছিন্নমূল মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। খোলা আকাশের নিচে কিংবা জরাজীর্ণ ঘরে বসবাস করা মানুষগুলো শীতের রাতে কাঁপতে কাঁপতে রাত পার করছে।


প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে অনেকের শরীর যেন ঠান্ডায় জমে যাচ্ছে—এমন বাস্তব চিত্র এখন গ্রাম ও মফস্বলের সর্বত্র। এই কঠিন সময়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও মোহনপুর প্রেসক্লাব। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে মোহনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে অনেক অসহায় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেন।



শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ক্যাবের মোহনপুর উপজেলা শাখার সভাপতি ও মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকারের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আকতার। তিনি বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিকতার বহিঃপ্রকাশ। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংগঠন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়।”


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবের রাজশাহী শাখার সাধারণ সম্পাদক ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। তিনি বলেন, “প্রতি বছর শীত আসে, কিন্তু শীতের কষ্ট অসহায় মানুষের জন্য এক নতুন সংগ্রাম। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়ায়, তাহলে এই কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।”


এ সময় আরও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, মোহনপুর উপজেলা ক্যাবের সহ-সভাপতি ও মোহনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল সরকার, সিনিয়র সহ-সভাপতি ও সোনার দেশ পত্রিকার প্রতিনিধি মোস্তফা কামাল, সহ-সভাপতি আজগর আলী, ক্যাব মোহনপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক রায়হান রিফাত, ক্যাব ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের সভাপতি ও ক্যাবের দপ্তর সম্পাদক রাজিব খাঁন, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, ক্যাবের প্রচার সম্পাদক আফতাবুল আলম, সদস্য শরিফুল ইসলাম ও আতাউর রহমান পলাশসহ স্থানীয় সাংবাদিকরা।


বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি সামাজিক ও মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এলে অসহায় মানুষের দুঃখ-কষ্ট অনেকটাই লাঘব হবে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।