চানখারপুল হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালে রায় পেছালো
জুলাই আন্দোলনের সময় রাজধানীর চানখারপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পিছিয়ে আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রায় ঘোষণার নতুন এদিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।
এর আগে গত ২৪ ডিসেম্বর শুনানি শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করেন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
এ মামলায় ১৯তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন তৎকালীন স্থানীয় সরকার উপদেষ্টা ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া।
মামলায় ৮ আসামির সবাই আন্দোলনের সময় ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন।
আট আসামির মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক।
বাকি চার আসামি শাহবাগ থানার সাবেক পরিদর্শক (নিরস্ত্র) মো. আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম কারাগারে রয়েছেন।
মামলায় অভিযোগ, এ মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ১১ এপ্রিল তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয়।
২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় আসামিরা নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর ‘প্রাণঘাতী’ অস্ত্র ব্যবহার করে শাহরিয়ার খান আনাস, শেখ মেহেদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়াকে গুলি করে হত্যা করে।
এ ঘটনায় ১৪ জুলাই অভিযোগ গঠন করা হয়। আর ১০ আগস্ট থেকে সাক্ষ্য শুরু হয়।
তথ্যসূত্র: বাংলানিউজ