হারিয়ে যাওয়া ৫০টি ফোন মালিকদের এনে দিল পুলিশ
রাজশাহীতে হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত এসব মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম এবং রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জানা গেছে, রাজশাহী জেলার আটটি থানায় বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারানোর ঘটনায় মোট ৫০ জন ভুক্তভোগী সাধারণ ডায়েরি করেন। এসব সাধারণ ডায়েরির সূত্র ধরে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা প্রযুক্তিগত অনুসন্ধান ও তদন্তের মাধ্যমে হারানো ৫০টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের মোবাইল রয়েছে।
উদ্ধার হওয়া মোবাইল ফোনের মধ্যে ভিভো ব্র্যান্ডের ১৩টি, শাওমি ব্র্যান্ডের ১০টি, স্যামস্যাং ব্র্যান্ডের ৫টি, রিয়েলমি ব্র্যান্ডের ৫টি, ইনফিনিক্স ব্র্যান্ডের ৩টি, আইটেল ব্র্যান্ডের ৩টি, ওপ্পো ব্র্যান্ডের ৩টি, সেম্ফনি ব্র্যান্ডের ৩টি, টেকনো ব্র্যান্ডের ১টি, পোকো ব্র্যান্ডের ১টি, সনি ব্র্যান্ডের ১টি, হুয়াই ব্র্যান্ডের ১টি এবং হুনোর ব্র্যান্ডের ১টি মোবাইল ফোন রয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, প্রকৃত মালিকদের কাছে হারানো মোবাইল ফোন ফিরিয়ে দিতে পারা জেলা পুলিশের জন্য আনন্দের ও গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ ও সাফল্যের পরিধি ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং প্রযুক্তি ব্যবহার করে হারানো সম্পদ উদ্ধারে জেলা পুলিশ আরও সক্রিয় ভূমিকা রাখবে।
হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকদের মধ্যে দেখা যায় ব্যাপক সন্তুষ্টি ও আনন্দ। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, জেলা পুলিশ জনগণের পাশে থেকে দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনবান্ধব সেবা অব্যাহত থাকবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন এবং রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।