মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ২১ জানুয়ারি ২০২৬ ০৯:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২১ জানুয়ারি ২০২৬ ০৯:৩৪ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রেমতলী ও মীরগঞ্জ বিওপি কর্তৃক পৃথক দুইটি সফল অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। এর মাধ্যমে সীমান্ত নিরাপত্তা রক্ষা ও মাদক প্রতিরোধে বিজিবি’র কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।


বুধবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক ০২৪০ ঘটিকায় প্রেমতলী বিওপি’র দায়িত্বপূর্ণ গোদাগাড়ী থানাধীন ফরাদপুর এলাকায় পদ্মা নদীর পাড়ে নিয়মিত টহল পরিচালনা করে বিজিবি। টহল পরিচালনার সময় নদীর পাড়ে লোকজনের আনাগোনা শুনতে পায়ে ঘটনাটি যাচাই করার জন্য সুকৌশলে অগ্রসর হলে মাদকব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা একটি বস্তা ফেলে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ভারতীয় মদ-৬১ বোতল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হবে।


একই তারিখ রাত আনুমানিক ০৫০০ ঘটিকায় মীরগঞ্জ বিওপি’র আভিযানিক দল বাঘা থানাধীন বারশিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় এক মাদক ব্যবসায়ীকে ধাওয়া করলে তার নিকট থাকা একটি ব্যাগ ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগ থেকে ভারতীয় মদ-১০ বোতল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।


পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।