সরকারি চাকুরেদের সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজারের সুপারিশ
সরকারি চাকরিজীবিদের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করেছে নবম জাতীয় বেতন কমিশন।
কমিশন বর্তমানের মতোই সরকারি কর্মচারীদের জন্য ২০টি স্কেলে বেতন সুপারিশ করেছে।
বুধবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে কমিশন তাদের প্রতিবেদন হস্তান্তর করেছে বলে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে।
কমিশনের বরাতে প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে, সুপারিশ অনুযায়ী পুরো পরিমাণ বেতন বাড়ানো হলে বাড়তি এক লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে।
এদিন বিকালে বেতন কমিশনের প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের কমিশন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করেন।
এসময় কমিশনপ্রধান বলেন, প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হলে এক লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে।
বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে এক লাখ ৩১ হাজার কোটি টাকা।
প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারসহ কমিশনের সব সদস্য উপস্থিত ছিলেন।
প্রতিবেদন হস্তান্তরের সময় অর্থ উপদেষ্টা বলেন, এই প্রস্তাব বাস্তবায়নই এখন পরবর্তী কাজ। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করে দেওয়া হবে, যে কমিটি বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কাজ করবে।
গত ২৭ জুলাই সরকার ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে এবং ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করে। পরে সময় বাড়িয়ে এর জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। সে হিসেবে তিন সপ্তাহ আগে প্রতিবেদন জমা দিল কমিশন।
২০১৩ সালে অষ্টম বেতন কমিশন গঠনের পর দীর্ঘ ১২ বছর পর এই কমিশন গঠিত হয়।
তথ্যসূত্র: বিডিনিউজ