সোমবার, জুন ২২, ২০২৬

চর আষাড়িয়াদহ ইউনিয়নে নদীভাঙন রোধে বাঁধ নির্মাণকাজ শুরু

নিজস্ব প্রতিবেদক ২২ জানুয়ারি ২০২৬ ০৭:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২২ জানুয়ারি ২০২৬ ০৭:৩৪ অপরাহ্ন
চর আষাড়িয়াদহ ইউনিয়নে নদীভাঙন রোধে বাঁধ নির্মাণকাজ শুরু

গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকায় নদী রক্ষায় বাঁধ নির্মাণকাজ শুরু হয়েছে। কাজ শুরুর আগে স্থানীয়রা দোয়া ও মোনাজাতের মাধ্যমে বাঁধ নির্মাণ কার্যক্রমের শুভ সূচনা করেন।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। দীর্ঘদিন ধরে নদীভাঙনের আতঙ্কে থাকা চরবাসীর মধ্যে এ কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে। খবর পেয়ে বাঁধ এলাকা দেখতে ভিড় করেন স্থানীয়রা।


চরের বাসিন্দা নিশান আলী বলেন, নদীভাঙন থেকে রক্ষা পেতে বাঁধ নির্মাণের কোনো বিকল্প নেই। ধীরে ধীরে আমরা ভাঙন ঠেকানোর চেষ্টা করছি। আমাদের বড় ভাই আব্দুল্লাহিল কাফি দীর্ঘদিন ধরে নদীভাঙন রোধে নানা জায়গায় দৌড়ঝাঁপ ও সংগ্রাম করে যাচ্ছেন। আমরাও তার সঙ্গে মিলেই বাঁধের ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করছি।


চরের প্রবীণ বাসিন্দা সৈবুর ইসলাম বলেন, আমি জীবনে তিনবার ঘর হারিয়েছি নদীতে। সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছি। আজ বাঁধের কাজ দেখে মনে হচ্ছে, হয়তো শেষ বয়সে একটু শান্তিতে মরতে পারব।


স্থানীয় গৃহবধূ হাজেরা বলেন, নদীভাঙনের ভয়ে রাতে ঘুম হতো না। কখন যে ঘরটা নদীতে চলে যায়, সেই চিন্তায় বুক কাঁপতো। আজ কাজ শুরু হওয়ায় মনে সাহস এসেছে। অন্তত বাচ্চাদের নিয়ে একটু নিশ্চিন্তে থাকতে পারব।


চাষি কালু ইসলাম বলেন, আমার তিন বিঘা জমি নদীতে গেছে। ভাঙন বন্ধ না হলে আমাদের বাঁচার রাস্তা থাকত না। বাঁধের কাজ যদি ঠিকভাবে হয়, তাহলে আমরা আবার মাঠে ফিরতে পারব।


স্থানীয় বাসিন্দা ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহিল কাফি বলেন, আমরা চরের রাজনীতি করতে নয়, চরের উন্নয়ন করতে চাই। চরের মানুষের দুঃখ-কষ্ট কখনো সেভাবে তুলে ধরা হয়নি। চরবাসীর মৌলিক সুযোগ-সুবিধা ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি। এ কাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সহযোগিতা করছেন। নদীভাঙন নিয়ে আমরা অনেক কষ্ট করেছি, ভবিষ্যতেও লড়াই চালিয়ে যাব। আজ অন্তত কিছুটা হলেও বাঁধের কাজ শুরু হওয়ায় এটি আমাদের জন্য বড় আনন্দের।


আষাড়িয়াদহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাই বলেন, নিঃসন্দেহে এটি চরবাসীর জন্য একটি ভালো উদ্যোগ। নদীভাঙন নিয়ে যে আতঙ্ক ছিল, তা থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে। আমরা চাই চর রক্ষায় যতটুকু প্রয়োজন, সব ধরনের বাঁধ নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করা হোক।


রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর জানান, চর আষাড়িয়াদহ ইউনিয়নে নদীভাঙন ঠেকাতে প্রাথমিকভাবে ১ হাজার ১০০ মিটার বাঁধ নির্মাণ করা হবে। পরে প্রকল্পের আওতায়  প্রায় ৪ কিলোমিটার ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করা হবে।