সোমবার, জুন ২২, ২০২৬

জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ

নাটোর প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন
জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ

নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগে অংশ নেওয়া নারী কর্মীদের ওপর হামলা ও হুমকির অভিযোগ উঠেছে বিএনপির স্থানীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে জামায়াত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নাটোর শহরের মাদরাসা মোড়ে জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। 

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আতিকুল ইসলাম রাসেল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই জামায়াত শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে গণসংযোগ শুরু করে। বৃহস্প্রতিবার সকাল ১১টার দিকে নাটোর-২ আসনের ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে জামায়াতের নারী কর্মীরা ছাতনি সেন্টার মোড়ে গণসংযোগ করছিলেন।

এ সময় বিএনপির স্থানীয় কয়েকজন নেতা সেখানে উপস্থিত হয়ে নারী কর্মীদের পথরোধ করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ, শারীরিক ভাবে লাঞ্ছিত ও হুমকি প্রদান করেন। তাদের বলা হয়, এ এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে দেওয়া হবে না। পরে স্থানীয় লোকজন এসে নারী কর্মীদের উদ্ধার করেন। 

সংবাদ সম্মেলনে বক্তব্যে আরও বলা হয়, ঘটনার পর একই দিন ছাতনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম হুমকি দিয়ে বলেন, জামায়াতের কোনো ব্যানার বা ফেস্টুন এ এলাকায় টাঙাতে দেওয়া হবে না; না খুললে তা ছিঁড়ে ফেলা হবে। এ ছাড়া মঙ্গলবার রাতে নাটোর শহরের বন বেলঘরিয়া বাইপাস ও বড়হরিশপুর বাইপাসসহ বিভিন্ন এলাকায় জামায়াতের ব্যানার-ফেস্টুন লাগাতে গেলে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়।

জামায়াতের দাবি, নারী কর্মীদের টার্গেট করে নির্বাচনী কাজে বাধা দেওয়া, ভয়ভীতি প্রদর্শন ও অশালীন আচরণ নির্বাচন আইন ও আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী প্রার্থী বা কর্মীদের নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়া দণ্ডনীয় অপরাধ।  এ সময় নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে নারীসহ সকল নেতা-কর্মীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জামায়াতের শহর শাখার আমির রাশিদুল ইসলাম রাশেদ, সেক্রেটারি আলী আল মাসুদ মিলন সহ দলের অন্যান্য নেতাকর্মীরা।