কেরাণীগঞ্জে বিএনপি নেতাকে গুলি
নির্বাচনি প্রচার শুরুর প্রথম দিনে রাজধানীর উপকণ্ঠে কেরাণীগঞ্জে ইউনিয়ন বিএনপির এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে তাকে গুলি করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি এম সাইফুল আলম বলেন, একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ঢালিকান্দী এলাকায় তাকে গুলি করে পালিয়ে যান আততায়ীরা। তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
রাত পৌনে ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, গুলিবিদ্ধ হাসান মোল্লা ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। গুলি তার পেটের ডান পাশে বিদ্ধ হয়েছে।
আহতের ভাই রাকিব হোসেন বলেন, তার ভাই ওই এলাকার একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
“অজ্ঞাত সন্ত্রসীরা মোটরসাইকেলে এসে ওনাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।”
তথ্যসূত্র: বিডিনিউজ