ঈশ্বরদীতে শেখ হাসিনার ছবির ওপর দাঁড়ানো স্বেচ্ছাসেবক দল নেতার ছবি ভাইরাল
পাবনার ঈশ্বরদীর রাস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির ওপর দাঁড়িয়ে ছবি তুলে সেই ছবি ফেসবুকে পোষ্ট করেছেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শরিফুল ইসলাম শরিফ। নির্বাচনী প্রচারনা চলাকালে শুক্রবার (২৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই ছবি ভাইরাল হলে ঈশ্বরদীতে সমালোচনার ঝড় ওঠে। স্বেচ্ছাসেবক দলের ওই নেতা পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে ‘আওয়ামী লীগের লোকের নাম রয়েছে’ অভিযোগ তুলে নিজের নাম ওই কমিটি থেকে প্রত্যাহার করে প্রতিবাদ জানাতে এই ছবি ফেসবুকে পোষ্ট করেন। নিজের এই ছবি দিয়ে শরিফুল ইসলাম তার নিজ নামের ফেসবুক পেজে স্ট্যাটাসে লিখেন, ‘বিগত দিনে প্রকাশ্য দিবালোকে নৌকা করা চিটারগুলোর নাম নির্বাচন পরিচালনা কমিটির তালিকায় শীর্ষে অবস্থান করছে। তাই এই তালিকা থেকে আমি আমার নাম প্রত্যাহার করে নিচ্ছি।’
এদিকে এ ধরনের ছবি সম্বলিত ওই স্ট্যটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ফেসবুকে কেউ মন্তব্য করে লিখেছেন এই নোংরা রাজনীতি কবে শেষ হবে, কেউ লিখেছেন তিনি উদ্দ্যেশ্যমুলকভাবে নিজ স্বার্থ চরিতার্থ করতে এই ছবি পোষ্ট করেছেন। অনেকে এভাবে ছবি পোষ্ট করার নিন্দাও করেছেন। এবিষয়ে বিএনপি নেতা তানজিরুল আলম বলেন, ধানের শীষের নির্বাচনকে বাধাগ্রস্থ ও বিতর্কিত করার জন্য এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম শরিফ ফেসবুকে এভাবে স্ট্যাটাস না দিয়ে নেতাদের সঙ্গে আলোচনা করলে ভালো হতো। তবে এ বিষয়ে শরিফুল ইসলাম বলেন, আমি স্ব-ইচ্ছায় নির্বাচন পরিচালনা কমিটি থেকে আমার নাম প্রত্যাহার করে নিয়েছি। এর পরও যদি আমার নাম বাদ না দেওয়া হয় তবে সংবাদ সম্মেলন করতে বাধ্য হবো।