মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

কারামুক্ত অসহায় রাহেলার দায়িত্ব নিলেন ইউএনও আলাউল

নওগাঁ প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ ০৮:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নওগাঁ প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ ০৮:৪২ অপরাহ্ন
কারামুক্ত অসহায় রাহেলার দায়িত্ব নিলেন ইউএনও আলাউল

নওগাঁর আত্রাইয়ে সদ্য কারামুক্ত অসহায় রাহেলার (৬৮) দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম। কারাগারের চার দেয়ালে ৩০ বছর বন্দি জীবনের অবসান ঘটিয়ে মুক্ত হবার পর শুরু হয় তার বাকি জীবন কাটানোর যন্ত্রণা।


মিডিয়ার মাধ্যমে জানতে পেরে বৃদ্ধা রাহেলার জন্য হুইল চেয়ার, এক মণ চাল, নগদ ১২ হাজার টাকা, শীতবস্ত্র, প্যাকেটজাত বিভিন্ন মসলা, সাবান ও তেল নিয়ে মানবিকতার হাত বাড়িয়ে দেন ইউএনও আলাউল ইসলাম। সেইসাথে রাহেলাকে সরকারিভাবে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।


মামলা সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে শিশু হত্যার দায়ে কারাগারে যান মধ্যবয়সী রাহেলা। সেই থেকে তার বন্দিজীবন শুরু হয়। পরবর্তীতে রাহেলার সাজা হলে স্বামী অন্যত্র বিয়ে করে সংসার শুরু করেন। বাবা-মা মারা গেলে এ পৃথিবীতে আপন বলতে বড় বোন ছাড়া আর কিছুই থাকেনা।


রাহেলার সাজার মেয়াদ অনেক আগে শেষ হলেও জরিমানার টাকা দিতে না পেরে কারাগারের মধ্যেই আটকে থাকতে হয় তাকে। তাঁর করুণ অবস্থার কথা জানতে পেরে কারা কর্তৃপক্ষ জরিমানার টাকা পরিশোধ করে দিলে ১২ জানুয়ারি কারামুক্ত হন রাহেলা। 


উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক কাজ। মিডিয়ার মাধ্যমে রাহেলা অসহায় মানবেতর জীবন যাপনের কথা জানতে পারি। একজন সাধারণ নাগরিকের বেঁচে থাকার যে অধিকার তা নিশ্চিত করতে মানবিকতা ও দায়বদ্ধতা থেকে তার পাশে দাঁড়িয়েছি। রাহেলার মত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজে বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহবান জানান তিনি।


এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার(পিআইও) আব্দুল হান্নান, প্রতিবন্ধী বিষয়ক অফিসার পি এম কামরুজ্জামান, ইউএনও কার্যালয়ের সাটিফিকেট সহকারী এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।