পাবনায় অন্নদা গোবিন্ধ পাবলিক লাইব্রেরির উদ্যোগে পুস্তক প্রর্দশনী উদ্বোধন
৬ শতাধিক বছর আগের হাতের লেখা দুর্লভ তালপাতার পাণ্ডুলিপি, শত বছরের পুরোনো হাজারো পুস্তক, থরে থরে সাজানো না ধরণের পত্রিকা, বই, পুস্তক সাময়িকী, বাংলা ইংরেজি, ফরাসি, হিন্দি, উর্দ্দুসহ নানা ভাষার বই। শত বছর আগের দৈনিক পত্রিকা ও সাময়িকী।
দেশের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ লাইব্রেরি হিসেবে জ্ঞানপিপাসুদের কাছে পরিচিত একটি নাম পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি। নানা ঐতিহ্য আর ইতিহাস সংগ্রহের ধারক হয়ে মাথা উঁচু করে আজো দাঁড়িয়ে লাইব্রেরিটি। পাবনার সচেতন মানুষের আবেগ অনেকটাই আবর্তিত হয় এই লাইব্রেরিকে ঘিরে। কালের পরিক্রমায় ঐতিহ্যবাহী লাইব্রেরীটির এখন বয়স ১৩৬ বছর। প্রায় ৩৮ হাজার বইয়ে সমৃদ্ধ পাবনার প্রাচীণ এই অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি।
এই লাইব্রেরির উদ্যোগে প্রতি বছরের মতো এবারও ভাষার মাসে শুরু হয়েছে সপ্তাহব্যাপী পুস্তক প্রর্দশনী। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে পাবনার প্রবীন শিক্ষাবিদ প্রফেসর কামরুজ্জামান ফিতা কেটে এই পুস্তক প্রর্দশণীর উদ্ধোধন করেন।
অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভা কক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবির সভাপতিত্বে এবং অবৈতনিক মহাসচিব আব্দুলি মতীন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হান্নান, বনমালি শিল্পকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক ড. মুহম্মদ হাবিবুল্লাহ, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা বেগম রোখসানা ডেইজি, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জরী খান সৌমি প্রমুখ।
১৮৯০ সালে পাবনার তাঁতিবন্দের জমিদার বংশের প্রতিষ্ঠাতা উপেন্দ্র নারায়ণ চৌধুরীর বংশধর অন্নদা গোবিন্দ চৌধুরী শহরের আব্দুল হামিদ রোডে ১৩ শতাংশ জমির ওপর এই লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। প্রাথমিক অবস্থায় দুই কক্ষের একটি দালানে কিছু বাংলা, সংস্কৃত আর ফরাসি কেতাব দিয়ে লাইব্রেরিটির যাত্রা শুরু হয়। পর্যায়ক্রমে লাইব্রেরিতে বইয়ের সংগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে ভবনের কলেবরও বাড়তে থাকে। প্রতিষ্ঠার পর থেকে পাবনা ও পাশের অঞ্চলের শিক্ষা ও সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে এই লাইব্রেরি।
প্রাচীন পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সংগ্রহে রয়েছে ৩৮ হাজারেরও বেশি বই। ১৭৫৮ সালে প্রকাশিত ‘দ্য সেইন্টস এভারলাস্টিং রেস্ট’ বইটিই লাইব্রেরির সবচেয়ে পুরোনো সংগ্রহ। এ ছাড়া রয়েছে বাংলা সাহিত্য, ফারসি, উর্দু, আরবি, হিন্দি, বুলগেরিয়ান, নরওয়েজিয়ান, ইতালি, রুশ, তুর্কি, চায়না, ইরানি সাহিত্য ও পালি সাহিত্যের নানা বই। এর পাশাপাশি কয়েক হাজার পত্রিকা, জার্নাল, লিটল ম্যাগাজিন লাইব্রেরির সংগ্রহে রয়েছে।
দেশ বিদেশ থেকে আসা জ্ঞান পিপাসু মানুষদের কাছে আগ্রহের বিষয় অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সংগ্রহে থাকা প্রায় ৬০০ বছরের পুরোনো হাতে লেখা বাংলা ও সংস্কৃত পুঁথি আর পান্ডুলিপিগুলো। তাল পাতা আর কাগজে লেখা এসব পুঁথি ও পান্ডুলিপিগুলো সমৃদ্ধ করেছে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিকে।