মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

দাড়িপাল্লার পক্ষে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা: আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন
দাড়িপাল্লার পক্ষে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা: আবুল কালাম আজাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের দামকুড়া ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। 


রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এই ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও মহল্লায় এই কর্মসূচি পালন করেন তিনি। গণসংযোগকালে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, তিনি একটানা ২৮ বছর হড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ দীর্ঘ অভিজ্ঞতার কারণে রাজশাহী-৩ আসনে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করছেন তিনি।


তাঁর দাবি, দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত থাকা জনগণ এবার উৎসবের আমেজে ভোট দিতে অপেক্ষা করছে। বৈষম্য দূর করতে ও পরিবর্তনের প্রত্যাশায় মানুষ দাড়িপাল্লা প্রতীকে ভোট দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ দাড়িপাল্লার পক্ষে রায় দেবে—এ বিশ্বাস তাঁর রয়েছে। নির্বাচিত হলে তিনি তার নির্বাচনী এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন ও সুপেয় পানির নিশ্চয়তা দেবেন। এসব উন্নয়ন কার্যক্রম জনগণকে সঙ্গে নিয়েই বাস্তবায়ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী বিশ্বাস করে—উন্নয়ন পরিকল্পনায় জনতার অংশীদারিত্ব অপরিহার্য।


এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজশাহী-৩ আসনে নির্বাচনী প্রচারণা ক্রমেই জোরদার হচ্ছে। মোড়ে মোড়ে ব্যানার-ফেস্টুন, চায়ের দোকান ও বাজারে চলছে ভোটের আলোচনা। কেউ করছেন অঞ্চলভিত্তিক ভোটের হিসাব, আবার কেউ প্রার্থীদের সরব উপস্থিতিতে এলাকা মুখর করে তুলছেন। সব মিলিয়ে রাজশাহী-৩ আসনে জমে উঠেছে নির্বাচনী আমেজ।


এই প্রেক্ষাপটে রোববার দামকুড়া ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় বক্তব্য দেন জামায়াত প্রার্থী। কর্মসূচির অংশ হিসেবে তিনি ঘরে ঘরে যান, স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোকানে ঢুকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।


ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান জানান তিনি। গণসংযোগকালে কখনো গাড়িতে, কখনো হেঁটে কর্মসূচিতে অংশ নেন জামায়াত প্রার্থী। এ সময় তাঁর সঙ্গে বিপুলসংখ্যক সমর্থক ও অনুসারী উপস্থিত ছিলেন।