রাজশাহীর বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবি
রাজশাহীতে শিশুমৃত্যুরোধ, সহজলভ্য ও সুচিকিৎসা নিশ্চিতে অবিলম্বে বিশেষায়িত রাজশাহী শিশু হাসপাতাল চালু ও অতি সংক্রমক রোগ ‘হাম’ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ‘স্বাধীন ও স্থায়ী স্বাস্থ্য কমিশন’ গঠনসহ ৫ দফা দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাজশাহীর সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিম বরাবর পৃথক স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) বরেন্দ্র অঞ্চলের যুব ও উন্নয়ন, স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরামের পক্ষ থেকে বেলা ১২ টায় এ স্মারকলিপি প্রদান করা হয়। রাজশাহীর সিভিল সার্জন এর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোসা. মাহবুবা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান আতিক, সাধারন সম্পাদক পলি রানী, পরিবেশ ও জলবায়ু সম্পাদক তামিম তুলি, সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান, আমার বাংলা তরুণ সংঘের সাধারণ সম্পাদক তাহমীদ জাকি, নারী নেত্রী তহুরা খাতুন লিলিসহ প্রমুখ।
স্মারকলিপির দাবিসমূহ হলো, রাজশাহীর বিশেষায়িত ২০০ শয্যার ‘রাজশাহী শিশু হাসপাতালটিতে’ অবিলম্বে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালু করতে হবে; রাজশাহীসহ দেশব্যাপী অতি সংক্রমক রোগ হাম এর বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অসুস্থ্যদের সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে; রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে হবে।
সকল অনিয়ম ও অব্যবস্থাপনা যেমন- চিকিৎসকের অবহেলা-অনুপস্থিতি, দালালের দৌরাত্ম, রোগীদের ভোগান্তি নিরসন করতে হবে; রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা সেবার মান উন্নয়ন করতে হবে। আধুনিক চিকিৎসা সরঞ্জাম অন্তর্ভুক্তকরণসহ আইসিইউ কমপ্লেক্স এর অনুমোদন ও হাসপাতালে ভর্তী রোগীর ১০ শতাংশের জন্য আইসিইউ ব্যবস্থা নিশ্চিত করতে হবে; একটি ‘স্বাধীন ও স্থায়ী স্বাস্থ্য কমিশন’ গঠন করাসহ ‘স্বাস্থ্য খাত সংস্কার কমিশন’ এর সুপারিশসমূহ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।