বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

নগরীতে এসকুফ ও কাফ রিলিফসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ২৫ অক্টোবর ২০২৬ ১০:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৫ অক্টোবর ২০২৬ ১০:২১ অপরাহ্ন
নগরীতে এসকুফ ও কাফ রিলিফসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নগরীর তালাইমারী মোড়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪৬ বোতল এসকুফ ও ১৮ বোতল কাফ রিলিফসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে বোয়ালিয়া থানার তালাইমারী মোড়ে এ অভিযান চালানো হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের মোসা. নারগিস খাতুন (৩৮) এবং শিবগঞ্জ উপজেলার বিনোদপুর এলাকার মো. মনিরুল ইসলাম (৩৮)।


এসআরবি’ন এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ২৫ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে এসআরবি-৫ রাজশাহীর সদর কোম্পানি ও চাঁপাইনবাবগঞ্জের সিপিসি-১-এর যৌথ দল ভদ্রা থেকে তালাইমারীগামী সড়কে ক্যামব্রিয়ান স্কুলের পূর্ব পাশে একটি অস্থায়ী চেকপোস্ট বসায়। রাত ১২টা ৫০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনের একটি বাস চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বাসের যাত্রীবেশে থাকা নারগিস ও মনিরুলকে আটক করা হয়।


পরে তাঁদের হেফাজত থেকে ৪৬ বোতল এসকুফ ও ১৮ বোতল কাফ রিলিফ উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে এসব বোতল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।


এসআরবি আরও জানায়, গ্রেপ্তার দুজন ও উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।