বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

নগরীতে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ২৫ অক্টোবর ২০২৬ ১০:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৫ অক্টোবর ২০২৬ ১০:২৩ অপরাহ্ন
নগরীতে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নগরীতে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. নাহিদ (২০) কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। শনিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে নগরীর রাজপাড়া থানার নাইস কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।


এসআরবি’র এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, নাহিদের বিরুদ্ধে এক নারীকে গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল এবং একাধিকবার ধর্ষণের অভিযোগ রয়েছে। মামলার এজাহার অনুযায়ী, সর্বশেষ ১৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর শাহমখদুম থানার সিহাবের মোড় এলাকার ভুগরইল পশ্চিমপাড়ায় ওই নারীর শ্বশুরবাড়িতে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।


এসআরবি জানায়, মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধের ভিত্তিতে নাহিদকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে রাজপাড়া থানার নাইচ কমিউনিটি সেন্টারে তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। নাহিদ শাহমখদুম থানার সিহাবের মোড় এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম জাকির।


গ্রেপ্তারের পর নাহিদকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।