গোদাগাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ৬৭৭ গ্রাম হেরোইন উদ্ধার
গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৬৭৭ গ্রাম হেরোইন পাউডার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। রোববার (২৫অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার আমতলা এলাকার চর আষাড়িয়াদহের একটি ফসলি জমি থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এসআরবি’র এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলা এলাকার চর আষাড়িয়াদহের একটি ফসলি জমিতে অভিযান চালায় এসআরবি-৫-এর সিপিএসসির একটি দল। এ সময় জমিতে পড়ে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর চারটি বায়ুরোধী পলিব্যাগ পাওয়া যায়। পরে পলিব্যাগগুলো তল্লাশি করে হালকা বাদামি রঙের হেরোইন পাউডার উদ্ধার করা হয়। এর মোট ওজন ১ কেজি ৬৭৭ গ্রাম। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী এসব মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানিয়েছে এসআরবি।
এসআরবি আরও জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।