বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

জাতীয় নারী হ্যান্ডবল দলের রানার্সআপ তিন খেলোয়াড়কে সংবর্ধনা

বদলগাছী প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৬ ১০:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
জাতীয় নারী হ্যান্ডবল দলের রানার্সআপ তিন খেলোয়াড়কে সংবর্ধনা

জাতীয় নারী হ্যান্ডবল দলে খেলে আন্তর্জাতিক টুর্নামেন্টে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছেন নওগাঁর বদলগাছী উপজেলার তিন কন্যা। তাদের এই সাফল্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং ক্রেস্ট তুলে দেন।


সংবর্ধনা পাওয়া তিন খেলোয়াড় হলেন সুমাইয়া আক্তার, অনুরাধা পাহান ও পূর্ণিমা রাণী। তাঁরা বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের সদস্য হিসেবে ‘বেগম খালেদা জিয়া দি ন্যাশনাল ট্রফি’ প্রতিযোগিতায় অংশ নেন। গত ২২ অক্টোবর ঢাকার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ভারতের বিপক্ষে বাংলাদেশ দল রানার্সআপ হয়।


অনুষ্ঠানে তিন খেলোয়াড় তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, খেলাধুলার জীবনে এত বড় সম্মান আগে কখনো পাননি। সংবর্ধনা পেয়ে তাঁরা আনন্দিত। এ সম্মান দেওয়ার জন্য তাঁরা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণ করা হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ছেলেমেয়েদের সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।


স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা বাড়ানো এবং প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করতে এ ধরনের সংবর্ধনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।