শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে তিন দোকান পুড়ে ছাই
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বরই বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে কামাল উদ্দিন, কেতাব উদ্দিন ও নবাব আলীর পেট্রল ও হার্ডওয়্যারের তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কর্মীদের প্রচেষ্টায় প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলামকে অবহিত করা হয়েছে।