বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

ওয়ার্কার্স পার্টির নেতা দেবাশিষ প্রমাণিক দেবুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ২৫ অক্টোবর ২০২৬ ১০:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৫ অক্টোবর ২০২৬ ১০:২৯ অপরাহ্ন
ওয়ার্কার্স পার্টির নেতা দেবাশিষ প্রমাণিক দেবুর মৃত্যু

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রমাণিক দেবু (৪৯) মারা গেছেন। রোববার (২৫ অক্টোবর) ভোর ৫টার দিকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার দুপুরে রাজশাহী নগরীর পঞ্চবটি মহাশ্মশানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তার শেষকৃত্য সম্পন্ন হয়।


দেবাশিষ প্রমাণিক দেবু ছাত্রজীবন থেকেই প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশ ছাত্রমৈত্রীর বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন তিনি। পরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।


রাজনীতির পাশাপাশি রাজশাহীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল তার। তার আকস্মিক মৃত্যুতে রাজশাহীর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।


এদিকে, প্রগতিশীল সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক কর্মী দেবাশিষ প্রমাণিক দেবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ প্রগতি লেখক সংঘের রাজশাহী জেলা শাখা। সংগঠনটির উপদেষ্টা প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খান, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বুলবুল রাণী ঘোষ, সাধারণ সম্পাদক কলামিস্ট শাহ মো. জিয়াউদ্দিন, শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক অসিত সাহা এবং প্রচার সম্পাদক এ কে এম রেজাউল করিম খোকন এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে, সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সকাল ১১.৩০ মিনিটে মহিলা পরিষদের নেতৃবৃন্দ তাঁর মরদেহে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়, সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, প্রশিক্ষন সম্পাদক সেলিনা বানু, কার্যকারী কমিটির সদস্য শাহনাজ পারভী সাগরী, তাহেরা খাতুন প্রমূখ।