সান্তাহার পৌরসভাকে হারিয়ে চ্যাম্পিয়ন আদমদীঘি সদর ইউনিয়ন
বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে সান্তাহার পৌরসভাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ। রোববার (২৫ অক্টোবর) বিকেলে আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে জয়ী হয়ে ট্রফি ও ৫০ হাজার টাকার প্রাইজমানি অর্জন করে দলটি।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম বিজয়ী দলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, জেলা বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও নাজিম উদ্দীন।
এ ছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শাহিনুর ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পী, সদর ইউনিয়নের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রিয়ন সরকারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত ৫ অক্টোবর একই মাঠে আটটি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ফাইনাল খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের সমাগম ঘটে।