পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দ
নওগাঁর পত্নীতলায় ১৮টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সেকেন্দার আলী (৫৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শীতলমাঠ গজুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, শীতলমাঠ বিওপির টহল কমান্ডার নায়েক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৪/২-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় ১৮টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ সেকেন্দার আলীকে আটক করা হয়।
আটক সেকেন্দার আলী পত্নীতলা উপজেলার আমন্ত গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দ করা মালামালসহ তাঁকে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবীব বলেন, “সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”