প্রথম স্ত্রীর ছোট বোনকে বিয়ে, নওগাঁর টিকটকারকে ঘিরে আলোচনা-সমালোচনা
নওগাঁর বদলগাছীতে প্রথম স্ত্রীর ছোট বোনকে বিয়ে করে আলোচনায় এসেছেন টিকটকার মাসুদ রানা। গত শনিবার (২৪ অক্টোবর) গায়ে হলুদের অনুষ্ঠান শেষে রোববার (২৫ অক্টোবর) তাদের বিয়ে হয় বলে জানা গেছে। প্রথম স্ত্রী মৌসুমী ও নতুন স্ত্রী পূর্ণিমার সঙ্গে তোলা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন মাসুদ রানা। এরপরই বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ রানার প্রথম স্ত্রী মৌসুমী। নতুন স্ত্রী পূর্ণিমা তার আপন ছোট বোন। গত শনিবার মাসুদের ভাড়া বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। পরদিন তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। তবে বিয়ের আনুষ্ঠানিকতা ও আইনগত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
মাসুদ রানা জানান, পূর্ণিমার অন্য কোথাও বিয়ে হলে তার সঙ্গে আগে ধারণ করা ভিডিওগুলোর কারণে ভবিষ্যতে তাকে হেনস্তার শিকার হতে হতো বলে আশঙ্কা করেছিলেন তিনি। এ কারণে প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতি ও সহযোগিতায় পূর্ণিমাকে বিয়ে করেছেন বলে দাবি করেন মাসুদ।
এদিকে ইসলামি শরিয়তে একই সময়ে দুই বোনকে বিবাহবন্ধনে রাখার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে দুই বোনকে একসঙ্গে বিয়ে করার নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়েছে। ফলে প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তার আপন বোনকে বিয়ে করার বিষয়টি ধর্মীয় বিধানের সঙ্গে সাংঘর্ষিক।
এ বিষয়ে স্থানীয় আলেম মাওলানা রেজাউল করিম বলেন, ইসলামি বিধান অনুযায়ী, একই সময়ে দুই বোনকে বিবাহবন্ধনে রাখা নিষিদ্ধ। তবে প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হলে বা তার মৃত্যু হলে পরবর্তী সময়ে তার বোনকে বিয়ে করার সুযোগ রয়েছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। তবে বিয়ের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যের বাইরে স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি।