অটোচালককে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাই, মূল আসামি গ্রেপ্তার
রাজশাহীতে অটোচালককে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা দস্যুতা মামলার প্রধান আসামি মো. জাকির হোসেন জনিকে (৩২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হুজরাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। জনি রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মো. সাজিদ শেখ (১৮) একজন ব্যাটারিচালিত ইজিবাইকচালক। জনি তাঁর পূর্বপরিচিত। বিভিন্ন পেয়ারা বাগান থেকে পেয়ারা সংগ্রহের কথা বলে প্রতিদিন এক হাজার টাকা ভাড়ায় সাজিদের ইজিবাইক ভাড়া করতেন তিনি।
গত ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে সাজিদ ইজিবাইক নিয়ে দামকুড়া বাজারে গেলে জনিসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন তাঁকে একটি খাবারের হোটেলে নিয়ে যান। সেখানে খিচুড়ি ও চায়ের সঙ্গে চেতনানাশক ওষুধ খাওয়ানোর পর তাঁর ইজিবাইক ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সাজিদ শেখের লিখিত অভিযোগের ভিত্তিতে রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় জনিসহ অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের বিরুদ্ধে দস্যুতার মামলা করা হয়। মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপনে চলে যান। তাঁদের গ্রেপ্তারে এসআরবি ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।
গ্রেপ্তারের পর জনিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।