বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

নগরীতে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার, ২ স্মার্টফোন জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ২৭ অক্টোবর ২০২৬ ১২:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৭ অক্টোবর ২০২৬ ১২:৩৩ অপরাহ্ন
নগরীতে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার, ২ স্মার্টফোন জব্দ

রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে মো. মাখসেদুজ্জামান স্বপ্ন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। ফোন দুটি তল্লাশি করে অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত ৯টি ইউজার আইডি এবং পাঁচটি অ্যাপস পাওয়া গেছে।


সোমবার (২৬ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানার রানীবাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। স্বপ্ন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার নতুন বিলসিমলা (বন্ধ গেট) এলাকার মৃত মশিউজ্জামান সুজার ছেলে।


পুলিশ জানায়, জব্দ করা স্মার্টফোন দুটি তল্লাশি করে একটি জিমেইল আইডি, তিনটি মোবাইল সিমকার্ড এবং বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে ব্যবহৃত একটি নম্বর পাওয়া যায়। এ ছাড়া অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত ওয়েবসাইটে ব্রাউজারের মাধ্যমে ব্যবহৃত নয়টি ইউজার আইডি এবং পাঁচটি অ্যাপসের সন্ধান মেলে।


এ ঘটনায় গ্রেপ্তার স্বপ্নের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।