বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

জ্বালানি মহাপরিকল্পনায় বিদেশি নয়, জাতীয় মালিকানা চান উদ্যোক্তারা

নিজস্ব প্রতিবেদক ২৭ অক্টোবর ২০২৬ ০১:০১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৭ অক্টোবর ২০২৬ ০১:০১ অপরাহ্ন
জ্বালানি মহাপরিকল্পনায় বিদেশি নয়, জাতীয় মালিকানা চান উদ্যোক্তারা

বাংলাদেশের জ্বালানি মহাপরিকল্পনা প্রণয়নে জাতীয় মালিকানা, জনগণের অংশগ্রহণ ও জ্বালানি সার্বভৌমত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাজশাহীর পরিবেশ ও জ্বালানি খাতসংশ্লিষ্ট উদ্যোগের আয়োজকেরা। তাঁদের দাবি, জ্বালানি পরিকল্পনার নেতৃত্ব, মালিকানা ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেশের নিজস্ব প্রতিষ্ঠানের হাতে রাখতে হবে।


মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজশাহীতে ‘জ্বালানি মহাপরিকল্পনা; জাপান না, বিদেশি না! জাতীয় পরিকল্পনায় চাই জাতির অংশগ্রহণ’ শীর্ষক উদ্যোগ থেকে এ দাবি জানানো হয়। আয়োজকদের মতে, আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানি, ক্রমবর্ধমান জ্বালানি ব্যয়, বৈদেশিক মুদ্রার ওপর চাপ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের নিজস্ব চাহিদা ও সক্ষমতার ভিত্তিতে স্বাধীন, স্বচ্ছ ও জনমুখী জ্বালানি মহাপরিকল্পনা প্রয়োজন।


উদ্যোক্তারা বলেন, পরিকল্পনার খসড়া, জ্বালানি চাহিদার পূর্বাভাস, আর্থিক হিসাব এবং পরিবেশগত ও সামাজিক মূল্যায়ন জনসমক্ষে প্রকাশ করতে হবে। একই সঙ্গে জাতীয় ও স্থানীয় পর্যায়ে জনপরামর্শের ব্যবস্থা করে দেশীয় বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়, নাগরিক সমাজ এবং জ্বালানি প্রকল্পে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।


তারা জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, জ্বালানি দক্ষতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব জ্বালানি রূপান্তরকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। তাঁদের মতে, জ্বালানি পরিকল্পনা প্রণয়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে জাতীয় স্বার্থের প্রতিফলন ঘটবে এবং জনগণের আস্থা বাড়বে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবর্তনের কোপ ফ্যাসিলিটেটর হাসিবুল হাসান পল্লব, ক্যাম্পেইন অ্যাসোসিয়েট রনি রায়, কৃষি উদ্যোক্তা লিয়াকত আলী, প্রোগ্রাম অফিসার সোমা ভৌমিক এবং পরিবর্তনের ইন্টার্ন সাবিত্রী হেমরন। এ ছাড়া স্থানীয় বাসিন্দারা উপস্থিত থেকে উদ্যোগটির প্রতি সংহতি প্রকাশ করেন।


আয়োজকেরা বলেন, বাংলাদেশের জ্বালানি ভবিষ্যৎ নির্ধারণে জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জাতীয় স্বার্থ, স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে জ্বালানি মহাপরিকল্পনা প্রণয়নের দাবি জানান তারা। উদ্যোগটির আয়োজক পরিবর্তন, ফেড-রাজশাহী (ঋঊউ-জধলংযধযর) ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (ইডএঊউ)।