রাজশাহীর সিনিয়র আইনজীবী রুনু’র ইন্তেকাল
রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সিনিয়র আইনজীবী দেওয়ান ইকবাল উন নবী রুনু ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় নগরীর সাগরপাড়ায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ব্যক্তি জীবনে অবিবাহিত আইনজীবী দেওয়ান ইকবাল উন নবী রুনু মৃত্যুকালে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ মঙ্গলবার বাদ এশা নগরীর টিকাপাড়া ঈদগাহে অনুষ্ঠিত হয়। পরে টিকাপাড়া গোরস্তানে দাফন কার্য সম্পন্ন করা হয়।
এদিকে প্রগতিশীল সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব, সাবেক ন্যাপ নেতা ও ছাত্র ইউনিয়নের সাবেক নেতা এডভোকেট দেওয়ান ইকবাল উন নবী রুনুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ রাজশাহী জেলা শাখা।
তিনি ‘রুনু ভাই’ নামে পরিচিত ছিলেন। আজীবন অবিবাহিত এই প্রগতিশীল ব্যক্তিত্ব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ ছিলেন। এক শোকবার্তায় বাংলাদেশ প্রগতি লেখক সংঘ রাজশাহী জেলা শাখার উপদেষ্টা প্রবীণ সাংবাদিক এডভোকেট মোস্তাফিজুর রহমান খান, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বুলবুল রাণী ঘোষ, সাধারণ সম্পাদক ও কলামিস্ট শাহ মো. জিয়াউদ্দিন, শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক অসিত সাহা এবং প্রচার সম্পাদক এ কে এম রেজাউল করিম খোকন গভীর শোক প্রকাশ করেন।
শোকবার্তায় তাঁরা প্রয়াত অ্যাডভোকেট দেওয়ান ইকবাল উন নবী রুনুর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান। তার মৃত্যুতে প্রগতিশীল সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলে তারা উল্লেখ করেন।