বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে যুবদলকে রাজপথে থাকার আহ্বান দুলুর

নাটোর প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে যুবদলকে রাজপথে থাকার আহ্বান দুলুর

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পার্শ্ববর্তী দেশ ভারতে বসে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র চলছে বলে তিনি মনে করেন। এসব ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয়তাবাদী যুবদলকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।


মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে দুলু বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে গত দুই দশকে শত শত মানুষ জীবন দিয়েছেন। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনরুদ্ধার এবং দেশের রাজনীতি, অর্থনীতি ও গণতন্ত্র পুনর্গঠনে সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।


দুলু অভিযোগ করেন, বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস এবং মানুষকে গুলি করে হত্যার সঙ্গে জড়িত ফ্যাসিবাদের দোসররা প্রতিবেশী দেশে অবস্থান করে নতুন করে ষড়যন্ত্র করছে। এ সময় তিনি বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারেক রহমান অন্য রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে দেশের অর্থনীতি এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আন্দোলনের হুমকি দিয়ে গণতন্ত্রকে আবারও বিপন্ন না করার জন্য তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানান।


তিনি আরও বলেন, ৫ আগস্ট ও ২৪ জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যেন কোনোভাবেই বিপন্ন না হয়। তাঁর ভাষ্য, আন্দোলনের হুমকিতে গণতান্ত্রিক পরিবেশ অস্থিতিশীল হলে শেখ হাসিনা ও আওয়ামী লীগেরই লাভ হবে।


আগামী নির্বাচন প্রসঙ্গে দুলু বলেন, জনগণ বিএনপিকে পাঁচ বছরের জন্য নির্বাচিত করেছে। এই সময়ে বিএনপি ভালো কাজ করতে ব্যর্থ হলে কিংবা মানুষের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখতে না পারলে পরবর্তী নির্বাচনে জনগণ অন্য দলকে বেছে নিতে পারে। আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে উল্লেখ করে তিনি বলেন, জনগণ যাদের নির্বাচিত করবে, তাদেরই স্বাগত জানানো হবে। ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।


জনসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসসহ বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।


এর আগে সকালে আলাইপুরে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়।