রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেছেন, দেশ, জাতি ও যুবসমাজের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজশাহী মহানগর যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর বাটার মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাহফুজুর রহমান রিটন বলেন, যুবদল একটি ঐতিহ্যবাহী যুব সংগঠন। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সংগঠনটির নেতাকর্মীরা সাহসী ও অগ্রণী ভূমিকা পালন করেছেন। তারুণ্যের শক্তি, মেধা, সাহস ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, দায়িত্বশীলতা ও জনকল্যাণের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যুবদলের নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন বলে তিনি প্রত্যাশা করেন।
রাজশাহী নগরীর উন্নয়ন প্রসঙ্গে রাসিক প্রশাসক বলেন, রাজশাহী মহানগরী সবার। এ নগরীকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে হবে। প্রধানমন্ত্রীর সহযোগিতা ও নেতৃত্বে রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ ও সুশৃঙ্খল নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক সফলতা কামনা করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এতে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব রফিকুল ইসলাম রবি।
সমাবেশে আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। এ সময় মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন ও সদস্যসচিব এমদাদুল হক লিমনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর সদর হাসপাতাল মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক যুবদল নেতাকর্মী অংশ নেন।